❀
✦
❀
ঠাম্মা, ও ঠাম্মা, একটিবার আমার কথা শোনো
মা-বাবা ব্যস্ত ফোনে, নেই কি কাজ আর কোনো ?
মা ব্যস্ত সর্বক্ষণই ফেসবুকে আর চ্যাটে,
বাবা ব্যস্ত ফোন কলে, কাছে গেলেই ডাঁটে।
ভাল্ লাগে না একটুও যে, ওদের কাছে যেতে,
একটুও কি মন করে না আমার সাথে খেলতে।
ফোনেই থাকে ডুবে ওরা, যতক্ষণ রয় বাড়ি,
গল্প শুনবো তোমার কাছে, ওদের সাথে আড়ি।
একবার যদি হাত দিই ফোনে, অমনি আসে তেড়ে
বলবে শুধুই পড়তে বস্ হাত থেকে ফোন কেড়ে।
সব সময় কি পড়াশোনা, করতে ভালো লাগে ?
আমারও তো ছোট্ট মনে কাটুনেরই সাধ জাগে।
ঠাম্মা তুমি সবার বড়ো, দাও না একটু বকে
ফোন দেখলে চোখ-নষ্ট মাথায় যেন ঢোকে।
খোকা নহে হতাম যদি, আধুনিক স্মার্টফোন
ওদের সাথে আমি তবে থাকতাম সারাক্ষণ।
ফোনই জ্ঞান ফোনই ধ্যান ফোনই সবচেয়ে দামি
ওটাই ওদের সবচেয়ে প্রিয়, ফেলনা শুধুই আমি।
❀
✦
❀
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!