❀
✦
❀
কচুপোড়া-খাওয়া ঈশ্বরের কল্যাণে আজ আবার
বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই
তার মানে লাইক-কমেন্ট পাবার জন্য এই পৃথিবীতে
ট্যাবলেট-ক্যাপসুল-খাওয়া মানুষেরা
আরো একটা দিন বেশি বেঁচে রইল
যাদের ধন আছে তারা বেঁচে রইল
যাদের ছেঁড়া-কাঁথা সম্বল তারাও বাঁচল
চোর-জোচ্চোর-সাধু-সন্তরা বাঁচল
পাপী-তাপি কিছুমিছু-গোত্ররাও বাঁচল
কেউ কেউ হাঁফ-ছেড়ে বাঁচল
কেউ কেউ ঝাঁপ ফেলে বাঁচল
আমি তো প্রেম করলাম ও পটলভাজা খেলাম
প্রেম ও পটলভাজা দূটোই খুব উপাদেয়
দুটোই স্বাস্থ্যের জন্য ভালো
সারাদিন ফসল-কাটা মাঠে
ঘড়ঘড় শব্দ করে ট্রাকটর চলল
লাল ট্রাকটরকে ঘিরে রইল সাদা বকের ঝাঁক
আমি উজবুকের মতো নুন-লঙ্কার মাজারে দাঁড়িয়ে
শূন্যতাকে কামরাঙা খাওয়ালাম
এখন আমার শখের বাগানে কচি কচি ঢ্যাঁড়শ ধরেছে
সাদামাটা একটা লাউ-পূর্ণিমাও আছে
ওরে আমার নড়েভোলা ঈশ্বর, আয় বাবা আয়
পুতুলখেলা থামিয়ে দুটো ঝালবড়া খেয়ে যা
হ্যাংলাডাঙার নাঠে উপচে পড়ছে মধুর-রস
মকর-সংক্রান্তির দিনে যারা হাফ-প্যান্ট পরে
ঘুড়ি ওড়াবে বলেছিল
তারা এখন কোথায়
❀
✦
❀
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!