জ্যোতিষী, ও জ্যোতিষী, একটা কথা বলো তো!
তোমরা নাকি বুঝে ফেলেছ আকাশে তারার ভাষা!
তারার অবস্থানেই নাকি ভবিষ্যৎ বলা যায়
কোন পথটা সরল আর কোনটা সর্বনাশা!
আলোয় ভুবন ভরাবে নাকি সূয্যিদেবতা,
নাকি মহাপ্রলয়ে ভাসিয়ে দেবে এই পৃথিবীটাকে?
হাজার তারা দেখেই নাকি বলতে পারো সব?
একটু দেখে একটা কথা বলো দেখি আমাকে!
যাকে চাইছি মনেপ্রাণে সে আমার হবে কিনা~
বলতে পারো, ও জ্যোতিষী শুধু এই কথাটা?
কিন্তু জানি তোমরা আসলে কিছুই জানো না,
মিছেই কেন করছো তবে তারার গোনা গাঁথা?
আমি তো সারাজীবন ধরে দেখেছি দু’টি তারা
তার চোখের দিকে চেয়ে চেয়ে হারিয়ে ফেলেছি সব
যখন তাকিয়ে থাকি একদৃষ্টে ওই চোখের তারার দিকে
তখন লুপ্ত হয়ে যায় চেতনা আর সমস্ত অবয়ব।
আমার যত দুঃখবেদনা নিহিত ওই তারায়
ওইখানেতে লিখিত আমার সকল আনন্দ
আমি অর্থ বুঝি না মাত্র দু’টি তারার নীরব ভাষার,
আর তোমরা বুঝি জেনে ফেলেছ হাজার তারার ছন্দ?
💬 মন্তব্য করুন
আপনার মতামত জানান
এখনো কোনো মন্তব্য নেই
প্রথম মন্তব্য করুন!